যুক্তরাজ্যে অবস্থানরত বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সুদানের প্রধানমন্ত্রী ড. কামিল ইদ্রিস। লন্ডনের হোটেল হিলটনের লবিতে এক অনানুষ্ঠানিক পরিবেশে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতির একান্ত সচিব মো. দিদারুল আলম জানান, শনিবার সকালে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই তাৎক্ষণিক সাক্ষাৎ ঘটে।
সাক্ষাৎকালে সুদানের প্রধানমন্ত্রী ড. কামিল ইদ্রিস রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি বাংলাদেশের জনগণের সার্বিক কল্যাণ ও রাষ্ট্রপতির সুস্বাস্থ্যের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন।
একই সাথে, বাংলাদেশের সাম্প্রতিক সংকটময় সময়ে অত্যন্ত ধৈর্য্য ও বিচক্ষণতার সঙ্গে নেতৃত্ব দেওয়ার জন্য রাষ্ট্রপতির ভূয়সী প্রশংসা করেন সুদানের প্রধানমন্ত্রী।
ড. কামিল ইদ্রিস সুদানে নিয়োজিত বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীর গুরুত্বপূর্ণ ও গৌরবোজ্জ্বল অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। সেই সঙ্গে তিনি বাংলাদেশের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। ”বাংলাদেশ ও সুদানের মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় ও জোরদার হবে।”
সুদানের প্রধানমন্ত্রীর আন্তরিকতা ও শুভকামনার জন্য ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা পুনর্ব্যক্ত করেন। একই সাথে তিনি সুদানের জনগণের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 























