বাংলাদেম ক্রিকেট বোর্ডের অক্টোবরের নির্বাচনে কারচুপির প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। সেজন্য আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। সাবেক অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে ৩ মাসের মধ্যে নির্বাচন আয়োজনের নির্দেশনা দিয়েছে এনএসসি।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান। এর আগে তিনি এনএসসির গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন তুলে ধরেন।
১১ সদস্যের অ্যাডহক কমিটিতে তামিম ইকবাল ছাড়াও আছেন আরও দুই সাবেক ক্রিকেটার মিনহাজুল আবেদীন নান্নু ও আতহার আলী খান। কমিটিতে আরও আছেন বিভিন্ন সময়ে বিসিবির পরিচালনা পর্ষদে থাকা তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম বাবু ও ফাহিম সিনহা। ফাহিম সিনহা সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান এবং পরে ফারুক আহমেদ ও আমিনুল ইসলামের বোর্ডেও ছিলেন। এছাড়া মির্জা ইয়াসির আব্বাস, সাঈদ ইব্রাহিম আহমদ ও ইসরাফিল খসরু যথাক্রমে বিএনপির উপদেষ্টা মির্জা আব্বাস, স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদের ছেলে। আর ব্যারিস্টার রাশনা ইমাম বিএনপির সংসদ সদস্য ববি হাজ্জাজের স্ত্রী।
অ্যাডহক কমিটির সদস্যরা নির্বাচন করতে পারবেন কি না, এমন প্রশ্নের কোনো পরিষ্কার উত্তর দেননি এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান।
বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ায় সরকারি হস্তক্ষেপের অভিযোগে আইসিসি থেকে কোনো নিষেধাজ্ঞা আসার সম্ভাবনা নেই বলেও বিশ্বাস তার। আমিনুল ইসলামের সভাপতিত্বে বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার কথা আইসিসিকে ইমেইলে জানানো হয়েছে বলে জানিয়েছেন এনএসসির পরিচালক।
তিনি জানান, ‘এনএসসি বা জাতীয় ক্রীড়া পরিষদ বাংলাদেশের সকল ক্রীড়াকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্য ফেডারেশনগুলোকে নিয়ন্ত্রণ করে থাকে। জাতীয় ক্রীড়া সংস্থাসমূহ এনএসসি দ্বারা নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়ে থাকে এবং যদি সেখানে কোনো অনিয়ম দেখা যায় সেক্ষেত্রে এনএসসি বিভিন্ন রকমের পদক্ষেপ গ্রহণ করতে পারে।’
গত বছরের ৬ অক্টোবর বিসিবির নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তামিম ইকবাল ও তাঁর সমমনা সংগঠকেরা। তাঁরা বিষয়টি নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদে অভিযোগও করেছিলেন। অনিয়ম, কারসাজি ও ক্ষমতার অপব্যবহারের স্বাধীন তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করেছিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। পরশু এনএসসি তদন্ত প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদন দেওয়ার দুই দিনের মাথায় ভেঙে দেওয়া হলো।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 
























