ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানী ছেড়ে গ্রামের পথে ছুটছেন নানা শ্রেণি-পেশার মানুষ। পরিবার-পরিজনের সঙ্গে উৎসব উদযাপনের জন্য ঘরমুখো মানুষের ঢল নামায় পথে পথে বাড়ছে চাপ। সড়কে যানজটের আশঙ্কা থাকায় অনেকেই স্বাচ্ছন্দ্য ও তুলনামূলক নিরাপদ ভ্রমণের জন্য ট্রেন বেছে নিয়েছেন। তবে অতিরিক্ত যাত্রীর চাপে অধিকাংশ ট্রেনে সৃষ্টি হয়েছে চরম ভিড়, ভেতরে জায়গা না পেয়ে অনেককে ছাদে উঠে যাত্রা করতে দেখা গেছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) ভোর থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকায় যাত্রীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়। প্রতিটি প্ল্যাটফর্মে ছিল মানুষের ভিড়, যেন কোথাও দাঁড়ানোর জায়গা নেই।
এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জানান, আগের দিন পর্যন্ত টিউশনি থাকায় সময়মতো টিকিট সংগ্রহ করতে পারেননি। পরে স্ট্যান্ডিং টিকিট নিয়ে স্টেশনে এলেও ট্রেনের ভেতরে জায়গা না পেয়ে শেষ পর্যন্ত ছাদে উঠতে হয়েছে তাকে। তিনি বলেন, পরিবারের জন্য কেনাকাটা করেছেন, এখন শুধু চান আবহাওয়া ভালো থাকুক।
দেওয়ানগঞ্জগামী আরেক যাত্রী জানান, স্ট্যান্ডিং টিকিট থাকা সত্ত্বেও ট্রেনের ভেতরে ওঠার সুযোগ হয়নি। তাই বাধ্য হয়ে ছাদে ওঠার প্রস্তুতি নিচ্ছেন। তার সঙ্গে পরিবারের সদস্যরাও রয়েছেন। তার মতে, কিছুটা কষ্ট হলেও ট্রেনে গেলে তুলনামূলক দ্রুত গন্তব্যে পৌঁছানো সম্ভব।
একই ট্রেনের আরেক যাত্রী বলেন, নির্দিষ্ট আসনের টিকিট থাকলেও অতিরিক্ত ভিড়ের কারণে নিজের বগিতে পৌঁছানোই কঠিন হয়ে পড়েছে।
এদিকে স্টেশনের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। টিকিট ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তিন ধাপে টিকিট যাচাইয়ের পর যাত্রীদের প্ল্যাটফর্মে ঢুকতে দেওয়া হচ্ছে।
রেল কর্তৃপক্ষ জানায়, যাত্রীদের সুবিধার্থে একাধিক কাউন্টার চালু রাখা হয়েছে, যাতে শেষ মুহূর্তেও স্ট্যান্ডিং টিকিট সংগ্রহ করা যায়। মোট টিকিটের একটি অংশ স্ট্যান্ডিং হিসেবে বিক্রি করা হচ্ছে, যাতে অতিরিক্ত যাত্রীর চাপ সামাল দেওয়া সম্ভব হয়।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 






















