ওমেন্স এশিয়ান কাপের দ্বিতীয় সেমিফাইনালের ফলটা অনুমিতই ছিল। ১২ দলের আসরে র্যাংকিংয়ের হিসেবে সেরা জাপান সহজেই দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে হারিয়ে পা রেখেছে মর্যাদার আসরের ফাইনালে। প্রথম সেমিফাইনালে উত্তর কোরিয়াকে হারিয়ে আগের দিন ফাইনালে চলে গিয়েছিল অস্ট্রেলিয়া। শনিবার এই মাঠেই এশিয়া সেরা দু’দলের মধ্যে হবে শিরোপার লড়াই।
২০১৪ ও ২০১৮ সালে টানা দুই ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল জাপান। তবে ২০২২ সালে কোনো দলই ফাইনালে উঠতে পারেনি। সর্বশেষ আসরে চীন ফাইনালে দক্ষিণ কোরিয়াকে অল্প ব্যবধানে হারিয়েছিল। এশিয়ান ফুটবল কনফেডারেশনে যোগ দেওয়ার পর অস্ট্রেলিয়া চারবার ফাইনালে উঠলেও মাত্র একবার, ২০১০ সালে শিরোপা জিতেছিল। অন্যদিকে জাপান চারটি ফাইনাল হেরে ২০১৪ সালে প্রথমবারের মতো শিরোপা জেতে। অর্থাৎ শনিবার জাপান তৃতীয় ও অস্ট্রেলিয়া দ্বিতীয় শিরোপার লক্ষ্যে মাঠে নামবে। প্রথমার্ধে ওয়েস্ট হ্যামের রিকো উএকি এবং টটেনহামের মাইকা হামানো গোল করেন, বিরতির পর অভিজ্ঞ সাকি কুমাগাই ও রেমিনা চিবা জাপানের গোল সংখ্যা বাড়ান। নিলস নিয়েলসেনের জাপান পুরো ম্যাচেই আধিপত্য বজায় রেখে জিতেছে। যা অস্ট্রেলিয়ার জন্য একটি সতর্কবার্তা। সাবেক ডেনমার্ক ও সুইজারল্যান্ড কোচ নিয়েলসেনের অধীনে, এখন পর্যন্ত পাঁচ ম্যাচে জাপান ২৮টি গোল করেছে এবং হজম করেছে মাত্র একটি। কোয়ার্টার ফাইনালের একাদশ থেকে সাতটি পরিবর্তন এনে নামা জাপান শুরু থেকেই ছিল নিরলস এবং সাত মিনিটের মধ্যেই এগিয়ে যেতে পারত। তবে ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার ইউই হাসেগাওয়া সহজ সুযোগ নষ্ট করেন, ফাঁকা পোস্টের সামনে থেকে শট করে বল বাইরে পাঠান। প্রায় পুরো ম্যাচটাই দক্ষিণ কোরিয়ার অর্ধে খেলা হওয়ায় গোল আসা ছিল সময়ের ব্যাপার। ১৫ মিনিটে উএকির নিখুঁত ফিনিশিংয়ে দক্ষিণ কোরিয়ার গোল দরজা খুলতে পারে জাপান। লিভারপুলের ফুকা নাগানো বক্সে বল জিতে সতীর্থের কাছে বাড়িয়ে দেন, যিনি ঠাণ্ডা মাথায় সাইড-ফুটে বল জালে জড়ান। এটি ছিল টুর্নামেন্টে তার ষষ্ঠ গোল। জাপান চাপ বজায় রেখে ১০ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে। হামানো ডান দিক থেকে বক্সে ঢুকে তীক্ষè কোণ থেকে নিকটবর্তী পোস্ট দিয়ে জোরালো শটে গোল করেন। বিরতির পরও চিত্র একই থাকে, কোরিয়ানরা খুব কমই আক্রমণের সুযোগ পায়। উএকির একটি শট ক্রসবারে লেগে ফিরে আসে। এরপর ৭৫ মিনিটে কুমাগাইয়ের জোরালো হেডে ৩-০ হয়। খেলার ধারার বিপরীতে কাং চে-রিম একটি গোল শোধ করেন দক্ষিণ কোরিয়ার হয়ে। তবে কয়েক মিনিট পর চিবার জোরালো শটে জাপান তাদের দাপুটে জয় নিশ্চিত করে।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 
























