শেরপুর নিউজ ডেস্ক:
দেশের অন্যতম পর্যটন স্পট প্রবাল পাথরের দ্বীপ সেন্ট মার্টিনে ভ্রমণের জন্য সারা বছর এত হাঁকডাকের প্রতিধ্বনি শোনা গেলেও শেষ পর্যন্ত কোনো পর্যটকেরই সাড়া মিলছে না দ্বীপ ভ্রমণের জন্য। কক্সবাজার শহরের নুনিয়াছড়া বিআইডাব্লিউটিএ জেটি ঘাট দিয়ে দ্বীপ দর্শনের নামে যাওয়া-আসায় দীর্ঘ ১৮/২০ ঘণ্টা জাহাজে চড়তে রাজি নন কেউ। পর্যটক যাত্রীর অভাবে শনিবার থেকে জাহাজও চলাচল করবে না। অথচ বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে শনিবার (১ নভেম্বর) থেকে দ্বীপ ভ্রমণের জন্য অনুমতিও প্রদান করেছে।
তবে এক্ষেত্রে মেরিন ড্রাইভের ইনানী নৌবাহিনীর জেটি ব্যবহারের বিষয়টি পুণঃবিবেচনা করা হলে স্বল্প সময়ে দিনে গিয়ে দিনে আসার সুযোগ সৃষ্টি হবে বলে জানিয়েছেন পর্যটন ব্যবসায়ীরা।
পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, সরকারের একমুখী সিদ্ধান্তের কারণে কক্সবাজার শহরের নুনিয়ার ছড়া বিআইডাব্লিউটিএ জেটি ঘাট থেকে পর্যটক জাহাজ ছাড়ার সিদ্ধান্ত নেওয়ায় সেন্ট মার্টিন পৌঁছাতে সময় লাগবে প্রায় ৯/১০ ঘণ্টা। অর্থাৎ জাহাজে আসা-যাওয়ায় পুরোদিনের সময় ক্ষেপণ হয়ে যাবে। যার ফলে এত অর্থ খরচে গিয়েও দ্বীপ দর্শন মিলবে না।
এ কারণে পর্যটকরা দ্বীপ ভ্রমণে যেতে অনিচ্ছুক। আর পর্যটক সংকটের কারণে জাহাজ মালিকরা নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাট থেকে কোনো জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশে ছাড়তে রাজি নয়।
জাহাজ মালিকরা বলছেন, কেবল মেরিন ডাইভের ইনানী নৌবাহিনীর জেটি ঘাট দিয়ে জাহাজ চলাচল করা গেলে মাত্র ৪ ঘণ্টায় দ্বীপে পৌঁছা সম্ভব। আর এক্ষেত্রে পর্যটকরাও স্বাচ্ছন্দ্যে এবং স্বল্প সময়ে দ্বীপে রাত্রি যাপন না করেই দিনে গিয়ে দিনে ফিরতে পারবেন।
সেন্ট মার্টিন রুটের পর্যটকবাহী জাহাজ মালিকদের সংগঠন ‘সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের’ সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে জাহাজ চলাচলের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন পেলেও নভেম্বরে দ্বীপে যাওয়ার মতো পর্যাপ্ত পর্যটক বা যাত্রীর সাড়া মিলছে না। ফলে পর্যাপ্ত পর্যটকের সাড়া না পেয়ে নভেম্বরে জাহাজ চালু করা সম্ভব হচ্ছে না। তবে গত বছরের মতো এবারও ডিসেম্বর-জানুয়ারি জাহাজ চলাচলের জন্য প্রস্তুতি রয়েছে।
তিনি বলেন, সেন্টমার্টিন দ্বীপ থেকে কুতুবদিয়া দ্বীপের বিস্তৃত উপকূলীয় এলাকাই হচ্ছে প্রতিবেশ ও পরিবেশগত সংকটাপন্ন (ইসিএ) এলাকা। দ্বীপে যদি রাত্রিযাপন না করে দিনে গিয়ে দিনে ফিরতে হয়, তাহলে ইনানী জেটির কোনো বিকল্প নেই।
কেবল ‘ইসিএ এলাকা’ অজুহাত দিয়ে যদি ইনানী জেটি ব্যবহার করা না যায়, তাহলে শহরের বাঁকখালী নদীর নুনিয়াছড়া বিআইডিাব্লিউটিএ জেটিঘাটটিও ইসিএ এলাকা হবার পরেও সেটি কী করে ব্যবহার করা যাবে-জানতে চান তিনি।
হোসাইন ইসলাম বাহাদুর বলেন, অন্তবর্তী সরকারের যেসব উপদেষ্টা বা নীতিনির্ধারক পরিবেশ রক্ষার কথা বলে পর্যটকদের সেন্ট মার্টিন যেতে বাধা দিচ্ছেন এবং সেন্ট মার্টিন জাহাজ ছাড়ার স্থান কক্সবাজার নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাট নির্ধারণ করেছেন, তাদের অন্তত একবার এ ঘাট দিয়ে জাহাজে করে সেন্ট মার্টিন আসা-যাওয়া করা দরকার। তখন তারা ভ্রমণের বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। পর্যটকরা চায়, কম সময়ে আসা-যাওয়া করে দ্বীপে বেশি সময় বেড়ানোর সুযোগ। এখন তারা সে সুযোগ না পেলে শুধু জাহাজে চড়তে তো কেউ আর সেন্ট মার্টিন যাবে না।
এক সময় কক্সবাজারের উখিয়ার ইনানী মেরিন ড্রাইভ সংলগ্ন নৌবাহিনীর জেটি থেকে পর্যটকবাহী জাহাজগুলো সেন্ট মার্টিনের উদ্দেশে ছেড়ে যেত। ইনানীর ওই জেটি থেকে পর্যটকবাহী জাহাজগুলো দ্বীপের উদ্দেশে ছেড়ে গেলে ৪ ঘণ্টায় পর্যটকরা দ্বীপে পৌঁছার সুযোগ পাবেন। দ্বীপে পৌঁছে তারা সেখানেও অন্তত ৪ ঘণ্টা ঘোরাঘুরির সময় পাবেন। এতে সাগরে জাহাজ ভ্রমণে পর্যটকদের বিরক্তিবোধ ও ভোগান্তিও কমবে বলে ধারণা পর্যটন সংশ্লিষ্টদের।
কক্সবাজারের স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, যে সময়ে ইনানী জেটি থেকে সেন্ট মার্টিনগামী পর্যটকবাহী জাহাজগুলো ছাড়া হতো, তখন পর্যটকরা কম সময়ে দ্বীপে পৌঁছাতেন এবং দ্বীপে বেড়ানোর বেশি সময় পেতেন। এ ছাড়া জাহাজ ভ্রমণে তাদের কোনো ধরনের বিরক্তিবোধ থাকত না। এখন কক্সবাজার থেকে জাহাজে উঠে সেন্ট মার্টিন যাওয়ার সময়ে পর্যটকদের বুঝার সুযোগ থাকে না, তারা কি দ্বীপে যাচ্ছেন, না জাহাজ ভ্রমণ করছেন।
কক্সবাজারের টেকনাফ শাহপরীরদ্বীপের বাসিন্দা কাতার প্রবাসী ও প্রখ্যাত ইতিহাসবিদ ডক্টর হাবিবুর রহমান কালের কণ্ঠকে বলেন, সেন্ট মার্টিন পর্যটনকেন্দ্রিক বিপুলসংখ্যক মানুষের জীবন জীবিকা নির্বাহ হয়। সরকারের সিদ্ধান্তে সারা বছরে এমনিতে ৯ মাস দ্বীপে পর্যটক ভ্রমণ নিষিদ্ধ। তারপর পর্যটক যাতায়াতের যে ৩ মাস অনুমতি দেওয়া হয়, সেখানে এত কড়াকড়ি করার কী দরকার? সেন্ট মার্টিন যখন খুলে দেবেন, খুলে দেওয়ার মতো খুলে দিন।
তিনি বলেন, দ্বীপে যে কয়মাস পর্যটকরা যাবেন, তাতে দ্বীপের মানুষের কিছু আয়-রোজগার বাড়বে, তারা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে। এ ছাড়া ভ্রমণের ক্ষেত্রে যত কাছের থেকে কম সময়ে নৌযানগুলো দ্বীপে পৌঁছাতে পারে- সেটা ভালো। নিরাপত্তার কারণে টেকনাফ থেকে সুযোগ না থাকলে ইনানী থেকে দিলে এত অসুবিধা কোথায়?
দেশের সব জায়গায় কি এভাবে আইনের প্রয়োগ হয়, যেটা শুধু সেন্ট মার্টিনের জন্য এককভাবে হচ্ছে- প্রশ্ন ড. হাবিবুরের।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 























