তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, পরিবর্তনশীল বৈশ্বিক ব্যবস্থায় স্থিতিশীলতা নিশ্চিত করতে বিশ্বাসযোগ্য যোগাযোগ, শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং স্বাধীন গণমাধ্যম গড়ে তোলার বিকল্প নেই। তিনি বলেন, অপতথ্য মোকাবিলায় বৈশ্বিকভাবে একটি স্বাধীন ও পেশাদার গণমাধ্যম বা ‘চতুর্থ স্তম্ভ’ গড়ে তোলা অপরিহার্য।
গত শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত ‘আন্তর্জাতিক স্ট্র্যাটেজিক কমিউনিকেশন সামিট (স্ট্র্যাটকম) ২০২৬’-এ প্যানেল আলোচক হিসেবে বক্তব্যে এসব কথা বলেন তিনি। সম্মেলনে উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, ভাইস প্রেসিডেন্ট জেভদেত ইলমাজ, কমিউনিকেশন বিভাগের প্রধান বুরহানেত্তিন দুরান।
সম্মেলনে তথ্যমন্ত্রী বাংলাদেশের মতো একটি জনবহুল ও দ্রুত ডিজিটালায়নশীল দেশে ভুয়া তথ্য ও বিভ্রান্তিমূলক তথ্য মোকাবিলার চ্যালেঞ্জগুলো তুলে ধরেন। তিনি বলেন, পূর্ববর্তী ফ্যাসিবাদী শাসনামলে জনগণকে নিয়ন্ত্রণ করতে তথ্যকে কৌশলগতভাবে বিকৃত ও ব্যবহার করা হয়েছিল। মন্ত্রী বলেন, বর্তমান ডিজিটাল যুগে তথ্যপ্রাপ্তি এবং অবাধ তথ্যপ্রবাহের মধ্যে একটি কার্যকর সমন্বয় অত্যন্ত জরুরি। তিনি উল্লেখ করেন, একটি নতুন ও লাগসই ফ্রেমওয়ার্ক জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে উদ্ভূত নতুন চ্যালেঞ্জগুলো মোকাবিলায় রাষ্ট্রগুলোকে সহায়তা করবে।
জহির উদ্দিন স্বপন বক্তব্যের শেষে একটি অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক যোগাযোগ কাঠামো গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, যেখানে উন্নয়নশীল দেশগুলোর কণ্ঠস্বর যথাযথভাবে প্রতিফলিত হবে। প্যানেল আলোচনায় অংশ নেন, উত্তর সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রী তাহসিন এরতুগরুলোগলু, সিরিয়ার তথ্যমন্ত্রী হামজা আল মুস্তাফা এবং কাজাখস্তানের সংস্কৃতি ও তথ্যবিষয়ক উপমন্ত্রী কানাত ঝুমাবায়েভিচ ইস্কাকভ।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 





















