বগুড়া-৫ আসনের জাতীয় সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজের নির্দেশনায় ধুনট উপজেলায় জরুরি ভিত্তিতে তিন কোটি টাকার উন্নয়নমূলক কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। শুষ্ক মৌসুমেই ভাঙনকবলিত শহরাবাড়ি থেকে পুখুরিয়া পর্যন্ত অত্যন্ত ঝুঁকিপূর্ণ স্থানে এই কাজ শুরু হওয়ায় স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
গত বছরের অক্টোবর মাসে ভাণ্ডারবাড়ি ইউনিয়নের শহরাবাড়ি থেকে বানিয়াজান পর্যন্ত দুই কিলোমিটার এলাকায় ব্যাপক ভাঙন শুরু হয়। শহরাবাড়ি নৌঘাট এলাকার ৪৩০ মিটার যমুনায় বিলীন হয়ে যায়। ওই সময় গোলাম মোহাম্মদ সিরাজ এলাকা পরিদর্শন করে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, ২০২৬ সালের নির্বাচনে জয়ী হলে নদীভাঙন রোধে কাজ শুরু করবেন। নির্বাচিত হওয়ার পর তাঁর সেই প্রতিশ্রুতি অনুযায়ী বর্তমানে জিও ব্যাগ ডাম্পিংয়ের কাজ শুরু হয়েছে।
বগুড়া পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী লিটন আলী জানান, সংসদ সদস্যের নির্দেশনা অনুযায়ী বর্তমানে শহরাবাড়ি থেকে বানিয়াজান স্পার এবং কৈয়াগাড়ী থেকে পুখুরিয়া– এই দুটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকায় ভাঙন ঠেকাতে তিন কোটি টাকার জিও বস্তা ফেলার কাজ চলছে।
ভাঙনকবলিত এলাকার বাসিন্দা টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. জাকির হোসেন, সাবেক অধ্যক্ষ রজলুর রশিদ এবং বিআরটিএর বিভাগীয় পরিচালক মাসুদ আলমসহ অনেকে বলেন, শুধু বালুর বস্তা ফেললে অর্থের অপচয় হতে পারে। গ্রাম দুটিকে রক্ষা করতে হলে দ্রুত স্থায়ী ‘তীর সংরক্ষণ প্রকল্প’ নির্মাণ করা প্রয়োজন।
এ বিষয়ে সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ বলেন, ‘নদীভাঙন রোধের কাজে কোনো অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না। বর্ষার সময় ভাঙন ঠেকানোর নামে যারা বালুর বস্তা বা ব্লক ফেলে পকেট ভরার চেষ্টা করবে, তাদের জেলে পাঠাতে দ্বিধাবোধ করব না।’
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 























