শেরপুর নিউজ ডেস্ক:
রংপুরের বদরগঞ্জে কোম্পানীগুলোর প্রলোভনের কারণে বাড়ছে তামাক চাষ। ফলে স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন চাষিদের পরিবারসহ সাধারণ মানুষ। কৃষি অফিস বলছে, আইন না থাকায় তামাক চাষ বন্ধে তেমন কোনো ব্যবস্থা নেয়া যাচ্ছে না।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, গত বছর ২২ হেক্টর জমিতে তামাক চাষ হলেও এবার ৩৫ হেক্টর জমিতে তামাক চাষ হয়েছে। এর কারণ হিসেবে জানা গেছে, যেসব জমিতে তামাক চাষ হচ্ছে প্রকৃত পক্ষে সেসব জমি গম চাষের উপযোগী। কিন্তু প্রতিকূল আবহাওয়া, শ্রমিক সংকট, মানসম্মত বীজের অভাবের কারণে বেশ কয়েকবছর ধরে চাষিরা গম চাষ থেকে নিজেকে বিরত রেখেছেন। আর এ সুযোগে বিভিন্ন তামাকজাত কোম্পানির প্রতিনিধিরা চাষিদের সার, বীজ এবং আগাম অর্থ দিয়ে তামাক চাষে উদ্বুদ্ধ করছেন। ফলে প্রতিনিয়তই চাষিদের ক্ষেত থেকে গম হারিয়ে যাচ্ছে আর তামাক চাষ বৃদ্ধি পাচ্ছে।
সরেজমিন বিভিন্ন এলাকা পরিদর্শনকালে কথা হয় উপজেলার দামোদরপুর ইউনিয়নের চম্পাতলীর কৃষক সাইদুল ইসলামের সঙ্গে। তিনি জানান, তামাকজাত কোম্পানির প্রতিনিধিরা এসে বীজ ও সার সরবরাহের পাশাপাশি আগাম অর্থ প্রদান করেন। এরপর তারা সেই তামাক নিজেরাই কিনে নেন। তামাক চাষে কোন লোকসান নেই এমন দাবি করে চাষি সাইদুল ইসলাম বলেন, অন্যান্য ফসলে লোকসানের আশঙ্কা থাকলেও তামাক চাষে দ্বিগুণ লাভ হয়।
মধুপুর ইউনিয়নের আফানের পাড়ার চাষি রশিদ মিয়া তামাক ক্ষেত দেখিয়ে বলেন, এই জমিতে আমি ভুট্টা চাষ করে থাকি। কিন্তু ভুট্টা ঘরে উঠানোর পর ওই জমিতে ধান চাষ করা যায়না। তবে তামাক উঠিয়ে ধান চাষ করা যায়। এ কারণে এখন তামাক চাষ করছি। এক্ষেত্রে পরিবারের লোকজন শ্রমিকের কাজ করছেন। চেংমারি এলাকার কৃষক খায়রুল হক বলেন, প্রতি বছর আমি গম ও ভুট্টা চাষ করি। তেমন একটা লাভ হয় না। এ বছর তামাক চাষ করেছি। গমের চেয়ে পরিশ্রম কম তবে লাভ বেশি বলে শুনেছি। তাছাড়া তামাকজাত কোম্পানির লোকজন জমি প্রস্তুতসহ তামাক পাতা সংগ্রহ করা পর্যন্ত সবকিছুই হাতে-কলমে শিখিয়ে দেন। সে কারণে তামাক চাষাবাদে চাষিদের আর্থিক কোনো ঝুঁকি নেই।
গোপালপুর ইউনিয়নের শিবপুর এলাকার চাষি মিলন চন্দ্র রায় বলেন, প্রতি বছর গম ও ভুট্টা চাষ করি। কিন্তু এবার ভালো গম বীজ না পাওয়ায় জমিতে গম চাষ করা হয়নি। এ কারণে বিনামূল্যে তামাকের বীজ পাওয়ায় এবং বেশি মুনাফার আশায় ৪৫ শতক জমিতে তামাক চাষ করেছি।
তামাক চাষ বৃদ্ধির বিষয়ে কৃষি অফিসে যোগাযোগ করা হলে উপজেলা কৃষি অফিসার সেলিনা আফরোজ বলেন, আইন না থাকায় তামাক চাষ বন্ধে সরাসরি কোনো ব্যবস্থা নেয়া যাচ্ছে না। এ ছাড়া তামাকজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা চাষিদের সার, বীজ সরবরাহের পাশাপাশি আগাম অর্থ প্রদান করে থাকেন। ফলে বিনা পুঁজিতে লাভ বেশি হওয়ায় চাষিরা তামাক চাষে ঝুঁকে পড়ছেন।
এদিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আশিকুল আরেফিন বলেন, তামাক চাষে লাভ বেশি হলেও স্বাস্থ্যঝুঁকি বেড়েছে, পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। মানুষজন নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছেন। এর পাশাপাশি তামাকের কাজে নিয়োজিত শিশুদের হাঁপানি ও ফুসফুসে ক্যানসারের মতো জটিল রোগও হতে পারে বলে তিনি সবাইকে সতর্ক করে বলেন, আর্থিক লাভের দিকে না তাকিয়ে চাষিদের বিকল্প ফসলের চাষ করা উচিত।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 





















