শেরপুর নিউজ ডেস্ক: বিদেশি সরকারগুলো ন্যূনতম আর্থিক স্বচ্ছতার শর্ত পূরণ করছে কিনা তা পর্যালোচনা করে থাকে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এ লক্ষ্যে প্রতিবছর ফিসক্যাল ট্রান্সপারেন্সি রিপোর্ট বা আর্থিক স্বচ্ছতা প্রতিবেদন প্রকাশ করে তারা। ২০২৪ অর্থবছরের আইন ও ২০২৫ সালের নিয়ম অনুযায়ী, যেসব দেশ মার্কিন সহায়তা পায় তাদের জন্য বাজেট স্বচ্ছতার নিয়ম আরও শক্ত করা হয়েছে।
রিপোর্টে বলা হয়েছে, সরকারগুলোকে বাজেট সংক্রান্ত নথি জনসমক্ষে উন্মুক্ত, পূর্ণাঙ্গ ও নির্ভরযোগ্য করতে হবে। ২০২৫ সালের রিপোর্টে আগের বছরের তুলনায় মানদণ্ড আরও কঠোর করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের আর্থিক খাতের স্বচ্ছতা আনতে আটটি পরামর্শ দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মূলত আগের সরকারের বাজেট প্রক্রিয়া অনুসরণ করে এবং আর্থিক স্বচ্ছতা বৃদ্ধির জন্য সংস্কার শুরু করে। পূর্ববর্তী সরকার বাজেট প্রস্তাবনা ও গৃহীত বাজেট প্রকাশ করলেও বছরের শেষ প্রতিবেদন প্রকাশ করেনি। বাজেট তথ্য মোটামুটি নির্ভরযোগ্য হলেও আন্তর্জাতিক মানদণ্ডে প্রস্তুত হয়নি এবং ব্যয়ের পূর্ণাঙ্গ চিত্রও ছিল না। ঋণের তথ্য ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের আয়-ব্যয় প্রকাশিত হয়েছিল। সরকারের সর্বোচ্চ নিরীক্ষা প্রতিষ্ঠান স্বাধীন ছিল না এবং পূর্ণাঙ্গ পর্যালোচনা না করে কিছু সারসংক্ষেপ প্রকাশ করেছিল। প্রাকৃতিক সম্পদ আহরণের চুক্তি আইনি প্রক্রিয়ায় হলেও তথ্য সীমিত ছিল। অন্তর্বর্তী সরকার সব ধরনের সম্পদ আহরণের ক্রয় প্রক্রিয়া উন্মুক্ত ও স্বচ্ছ করার উদ্যোগ নেয়।
মার্কিন দপ্তরের পরামর্শ অনুযায়ী আর্থিক স্বচ্ছতা বৃদ্ধির জন্য যে পদক্ষেপগুলো নিতে পারে বাংলাদেশ
১. বছরের শেষ প্রতিবেদন যৌক্তিক সময়ের মধ্যে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা
২. আন্তর্জাতিকভাবে স্বীকৃত নীতিমালা অনুযায়ী বাজেট নথি প্রস্তুত করা
৩. বাজেটে নির্বাহী কার্যালয়গুলোকে সহায়তার জন্য ব্যয়ের খাতগুলো ভেঙে দেওয়া
৪. বাজেটে সরকারের রাজস্ব ও ব্যয়ের একটি প্রায় সম্পূর্ণ চিত্র প্রদান করা
৫. সর্বোচ্চ নিরীক্ষা প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক মান অনুযায়ী স্বাধীন করা এবং পর্যাপ্ত সম্পদ দেওয়া, যাতে তারা সম্পূর্ণ বার্ষিক বাস্তবায়িত বাজেটে সময়মতো ও সরাসরি প্রবেশাধিকার পেতে পারে
৬. গুরুত্বপূর্ণ ফলাফল, সুপারিশ ও বিশদ বিবরণসহ সময়মতো নিরীক্ষা প্রতিবেদন প্রকাশ করা
৭. প্রাকৃতিক সম্পদ আহরণের জন্য দেওয়া লাইসেন্স ও চুক্তির মৌলিক তথ্য সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা এবং
৮. সরকারি ক্রয়-বিক্রয় চুক্তি সম্পর্কিত তথ্য প্রকাশ করা।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 























