শেরপুর নিউজ ডেস্ক:
মৌসুমি বায়ুর সক্রিয়তা কমায় দেশে অনেকটাই কমে এসেছে বৃষ্টিপাতের ব্যাপ্তি। এতে বেড়েছে তাপমাত্রা ও ভাপসা গরমের অনুভূতি। আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ শনিবার ও আগামীকাল রবিবার বৃষ্টি আরো কমতে পারে। এতে কিছুটা বাড়তে পারে গরমের অনুভূতি।
জানতে চাইলে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক গতকাল শুক্রবার রাতে কালের কণ্ঠকে বলেন, ‘বৃষ্টি কমায় ভাপসা গরম বেড়েছে। আগামী দুই দিনে (শনি ও রবিবার) বৃষ্টি আরো কমতে পারে। এতে ভাপসা গরমের অনুভূতি আরো বাড়তে পারে। ২২ সেপ্টেম্বর (সোমবার) থেকে আবার বৃষ্টি কিছুটা বাড়তে পারে।
এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ২৪ সেপ্টেম্বরের (বুধবার) মধ্যে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। লঘুচাপটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার ক্ষীণ আশঙ্কা রয়েছে।
আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, ‘সম্ভাব্য লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এমনকি গভীর নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।
তবে এখনই নিশ্চিতভাবে কিছু বলা কঠিন।’
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। আগামীকালও বৃষ্টিপাত ও তাপমাত্রা পরিস্থিতি কমবেশি একই রকম থাকতে পারে। তবে সোমবার থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বাড়তে পারে।
এতে কিছুটা কমতে পারে তাপমাত্রা ও গরমের অনুভূতি।
দেশজুড়ে ছড়িয়ে থাকা আবহাওয়া অধিদপ্তরের ৫১টি পর্যবেক্ষণাগারের মধ্যে ১৪টিতে গতকাল সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি রেকর্ড করা হয়েছে। তবে ব্যাপ্তি কম হলেও কয়েকটি অঞ্চলে ভারি থেকে অতিভারি বৃষ্টি হয়েছে। গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১৯১ মিলিমিটার। এ ছাড়া কুষ্টিয়ার কুমারখালীতে ৮৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সন্ধ্যা পর্যন্ত ভারি বর্ষণ হয়েছে অন্তত তিনটি অঞ্চলে। পাবনার ঈশ্বরদীতে ৭৬ মিলিমিটার, সিরাজগঞ্জের শাহজাদপুরে ৬৪ মিলিমিটার ও নীলফামারীর ডিমলায় ৪৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনায়, ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় এ সময় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৫.৫ ডিগ্রি।



Users Today : 107
Users Yesterday : 133
Users Last 7 days : 929
Users Last 30 days : 4982
Users This Month : 369
Users This Year : 13856
Total Users : 535176
Views Today : 192
Views Yesterday : 191
Views Last 7 days : 1499
Views Last 30 days : 7618
Views This Month : 583
Views This Year : 22466
Total views : 812581
Who's Online : 1