সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় ১৪৪৮ হিজরি সনের ওমরাহ মৌসুমের জন্য নতুন ক্যালেন্ডার এবং সময়সূচি ঘোষণা করেছে। ঘোষণা অনুযায়ী, চলতি বছরের হজ মৌসুম শেষ হওয়ার পরপরই পবিত্র ওমরাহ পালনের জন্য ভিসা প্রদান এবং পুণ্যার্থীদের মক্কায় প্রবেশের অনুমতি দেওয়া হবে।
মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে, নতুন ওমরাহ মৌসুমের জন্য ভিসা ইস্যু করার প্রক্রিয়া শুরু হবে আগামী ৩১ মে (১৪ জিলহজ) থেকে। ওমরাহ ভিসা প্রাপ্ত পুণ্যার্থীরা আগামী ১ জুন থেকে পবিত্র মক্কায় প্রবেশ এবং ওমরাহ পালনের অনুমতিপত্র বা পারমিট গ্রহণ করতে পারবেন।
নতুন ক্যালেন্ডারে ওমরাহ পালনকারীদের প্রস্থান এবং ভিসা আবেদনের ক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। ক্যালেন্ডার অনুযায়ী, ২০২৭ সালের ৯ মার্চকে ওমরাহ ভিসা ইস্যুর শেষ সময়সীমাও নির্ধারণ করা হয়েছে। একই বছরের ২৩ মার্চ হবে ওমরাহযাত্রীদের সৌদি আরবে প্রবেশের শেষ তারিখ। আর ৭ এপ্রিল ২০২৭-এর মধ্যে সব ওমরাহযাত্রীকে সৌদি আরব ত্যাগ করতে হবে।
মন্ত্রণালয় জানিয়েছে, ওমরাহ পালনের প্রক্রিয়াকে আরও সহজ এবং যাত্রীদের অভিজ্ঞতাকে উন্নত করতে উন্নত ডিজিটাল সিস্টেম ও সমন্বিত পরিষেবা চালু করা হয়েছে। ওমরাহ কোম্পানি এবং বিদেশি এজেন্টদের মধ্যে চুক্তির প্রক্রিয়াটি ইলেকট্রনিক প্ল্যাটফর্মের মাধ্যমে সম্পন্ন করা হচ্ছে, যার উদ্দেশ্য হলো ওমরাহ পালনকারীদের জন্য সর্বোত্তম সেবা নিশ্চিত করা। ইতোমধ্যে গত ৪ মার্চ থেকে ওমরাহ কোম্পানিগুলোর সাথে বিদেশি এজেন্টদের প্রাথমিক চুক্তি শুরু হয়েছে এবং ১১ মে বিদেশি এজেন্টদের চূড়ান্ত তালিকাভুক্তির কাজ সম্পন্ন হয়েছে।
ওমরাহ যাত্রীদের সেবা ও যত্নের মান বাড়াতে সৌদি আরবের সমন্বিত পরিকল্পনার অংশ হিসেবে এই নতুন ক্যালেন্ডার ঘোষণা করা হয়েছে।
তথ্যসূত্র: গালফ নিউজ
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 























