সিরাজগঞ্জের কাজিপুরে বিনামূল্যে বিতরণের জন্য বরাদ্দকৃত ২৩০ প্যাকেট সরকারি পাট বীজ বিক্রির সময় দুজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- কাজিপুর উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুস সালাম এবং পাট বীজের ক্রেতা ও চালিতাডাঙ্গা ইউনিয়নের ভানুডাঙ্গা গ্রামের গফুর আলীর ছেলে মো. গোলাই। আব্দুস সালাম তেকানি ইউনিয়নের চরবুরুঙ্গী গ্রামের শামসুল হকের ছেলে।
শুক্রবার (৩ এপ্রিল) রাতে ভ্রাম্যমাণ আদালতে তাদের অর্থদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।
তিনি বলেন, শুক্রবার বিকালে ২৩০ প্যাকেট সরকারি তোষা পাট বীজ রিকশাভ্যানে নিয়ে যাওয়ার সময় সন্দেহবশত স্থানীয় জনতা আব্দুস সালাম ও বীজের ক্রেতাকে আটক করে নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করে।
পরে শুক্রবার রাতে ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আব্দুস সালামকে ৫০ হাজার ও পাট বীজের ক্রেতা মো. গোলাইকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
তবে, তাৎক্ষণিক অর্থ প্রদান করায় মুচলেকা নিয়ে ভবিষ্যতের জন্য সর্তক করে তাদের মুক্তি দেওয়া হয়েছে।
এ বিষয়ে কাজিপুর উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম বলেন, চলতি বছরে এখনো পাট অধিদপ্তরের সরকারি বীজ উপজেলায় আসেনি। যতদূর জানতে পেরেছি আব্দুস সালাম বিগত বছরের এসব বীজ বিক্রি করেছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।
এ বিষয়ে সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এ কে এম মনজুরে মাওলা বলেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা দশম গ্রেডের হওয়ায় বিধি অনুযায়ী পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 





















